ঢাকার সাভারের আশুলিয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, মব সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মুন্সিকে দলের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী।
বৃহস্পতিবার (২ সেমেপ্টবার) বিকেলে আশুলিয়ার ফকিরবাড়ি এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অব্যাহতির বিষয়টি জানান ইলিয়াস শাহী।
অব্যাহতিপত্রে বলা হয়, দলীয় নাম ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠান, পাইকারি বাজার, আড়ত, পরিবহন ও ফুটপাতে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দলের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ইলিয়াস শাহী বলেন, শ্রীপুরের দারুল ইহসান মাদ্রাসায় মারধরের ঘটনায় জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে এর আগে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তের পর তাকে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তিনি দলীয় শৃঙ্খলা মেনে চলেননি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পর একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাকিরের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলাতেও জাকিরের নাম রয়েছে বলে জানান তিনি।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন, জাকির হোসেন মুন্সীকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি দলীয় শৃঙ্খলা মেনে সংশোধিত হলে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।
অব্যাহতির বিষয়ে জাকির হোসেন মুন্সী দাবি করেছেন, মোখলেছুর রহমান ইলিয়াস শাহী নিজেই বহিষ্কৃত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার নেই। তবে এ দাবি প্রত্যাখ্যান করে ইলিয়াস শাহী বলেন, তার বহিষ্কারের বিষয়টি অসত্য ও মিথ্যা। তিনি এখনও স্বপদে বহাল রয়েছেন এবং দলীয় স্বার্থ রক্ষায় সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন।
ইলিয়াস শাহী আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর