কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে একই সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করত এবং স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। অপর নিহত শিশু হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পুকুরে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন ও স্বজনরা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত দুই শিশুকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জন্য উভয় শিশুর ইসিজি করা হয়। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এদিকে একই সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোপালনগর উত্তরপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। একসঙ্গে দুই শিশুকে হারিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর