হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এক দিনের রিমান্ড শেষে রোববার (৪ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এ আদেশ দেন।
আখতারুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে রোববার দুপুর ১টার দিকে এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় তাকে আদালতের এজলাসে তোলা হয়।
শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর