নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের কাজ আজ সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। চলতি অক্টোবরের বেতন নভেম্বরে নতুন কাঠামোর প্রথম ধাপ অনুযায়ী দেওয়া হবে। একই সঙ্গে জুলাই থেকে কার্যকর ধরে তিন মাসের বকেয়া পাওনাও নতুন বেতনের সঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন বেতন নির্ধারণ করা হবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও হিসাববিষয়ক সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’-এর ‘পে ফিক্সেশন’ মডিউলের মাধ্যমে। সরকারি চাকরিজীবীদের এই পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরি-সংক্রান্ত তথ্য দিতে হবে।
প্রথমে পরিচয়-সংক্রান্ত তথ্য দিতে হবে। এর মধ্যে থাকবে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতন। কারও পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সেসব তথ্যও দিতে হবে। এসব তথ্যের পক্ষে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে।
বিশেষ করে নাম, এনআইডি, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতন-সংক্রান্ত তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরও প্রয়োজন হবে। কারও এনআইডি না থাকলে চাকরির নথিতে থাকা জন্মতারিখসহ অন্যান্য তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।
গত ১৯ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নতুন জাতীয় বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে, ২০২৭ সালের প্রথমার্ধে দ্বিতীয় ধাপে এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে তৃতীয় ধাপে নতুন মূল বেতন বাস্তবায়ন করা হবে। ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামো অনুযায়ী, পুরোনো ও নতুন বেতনের পার্থক্যের ৪০ শতাংশ চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবং ৭০ শতাংশ ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে।
এদিকে আগের কাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব বিষয় সমাধানের কাজও চলছে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর