শিক্ষক-শিক্ষিকাদের গলায় ফুলের মালা পরিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীদের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর ১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ।
সভায় সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষিকা প্রণতি মন্ডল, শিক্ষক উত্তম মন্ডল, শাকিব হুসাইন, ওমর ফারুকসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।
প্রধান অতিথি মো. নূর আলম শেখ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার গুণগত পরিবর্তনের জন্য শিক্ষকদের জীবনমানের উন্নয়ন এবং তাদের মর্যাদা রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে।
আলোচনা সভার আগে বিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল, কলম ও বিভিন্ন উপহার সামগ্রী দেন এবং ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান।
পরে শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মানে গান ও কবিতা আবৃত্তি করেন। এছাড়া কেক, মিষ্টিসহ বিভিন্ন খাবার দিয়ে শিক্ষক দিবসের আয়োজন শেষ হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর