টাঙ্গাইলের মির্জাপুরে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপিত হয়েছে।
মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ( ৫অক্টোবর) সকাল থেকে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের মিলনায়তনে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। দিনব্যাপী নানা আয়োজন শেষে আলোচনা সভা, গুণী শিক্ষকদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিক এমপি।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন এবং স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিক এমপি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং কবি নজরুলের চেতনা ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার গুণী গণিত শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এছাড়া ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় দর্শনার্থীরা শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর