আর্জেন্টিনার জার্সির সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টানার আগে আবেগঘন ‘শেষ চিঠি’ প্রকাশ করেছেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচের আগে দেওয়া এই বার্তায় আর্জেন্টিনার জার্সি, সতীর্থ ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা।
ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই বার্তা প্রকাশ করেন। একই সময়ে নিজের ফেসবুক পেজেও মেসি লেখেন, ‘বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব।’
আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের আবেগ তুলে ধরে মেসি লিখেছেন, ‘মুহূর্তটি এসে গেছে। আমি শান্তিতে বিদায় নিচ্ছি, নিজের সর্বস্ব দিয়েছি।’
জাতীয় দলের জার্সিকে নিজের জীবনের অংশ হিসেবে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘বছরের পর বছর এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন।’
ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। তিনি লেখেন, ‘আমাকে এতটা ভালোবাসার জন্য, সমর্থনের জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমাদের সঙ্গে করে বয়ে নিয়ে চলব।’
ফ্যাব্রিজিও রোমানো জানান, অ্যাডিডাসের সঙ্গে মেসির এই বার্তাটি তাঁর শেষ ম্যাচের আগে প্রকাশ করা হয়। পরে মেসির স্টেডিয়ামে যাওয়ার মুহূর্তের একটি আপডেটও দেন তিনি। রোমানো লেখেন, ‘লিওনেল মেসি স্টেডিয়ামে যাওয়ার পথে বাসে... শেষবারের মতো।’
এরপর আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মেসির শুরুর একাদশে থাকার বিষয়টিও সামনে আনেন রোমানো। তাঁর পোস্টে বলা হয়, ‘অফিশিয়াল: ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরু করছেন মেসি।’
মেসির বিদায়কে ঘিরে আবেগ প্রকাশ করে রোমানো আরও লেখেন, ‘সত্যিই এটা ঘটছে, তাই তো?’
মেসির বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দেয়। আর্জেন্টিনার জার্সিতে তাঁর দীর্ঘ পথচলা, অসংখ্য সাফল্য এবং ভক্তদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের স্মৃতিই এখন আলোচনার কেন্দ্রে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর