একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে ডেঙ্গুর বিস্তার রোধ করা যায়। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য আগে যে অর্থ নেওয়া হতো, তা এখন বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এই সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর