সেপ্টেম্বরে ১৪৮ জনের প্রাণহানির পর অক্টোবরে আরও ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৭ জন।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে।
এ ছাড়া খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ এবং রাজশাহীতে ১৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে মঙ্গলবার একদিনে চলতি বছরের সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। তার আগের দিন সোমবার মারা যান আরও নয়জন। ফলে গত তিন দিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
অন্যদিকে, চলতি অক্টোবরের প্রথম ছয় দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৪ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের মোট মৃত্যুর মধ্যে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন। আর অক্টোবরের প্রথম ছয় দিনে মৃত্যু হয়েছে ৪৪ জনের।
এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ২১৬ জন।
কুশল/সাএ
সর্বশেষ খবর