আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের লড়াইয়ে বছরের পর বছর মুখোমুখি হলেও মেসির অর্জনের প্রতি সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।
মঙ্গলবার রাতে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন মেসি। এদিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে জাতীয় দলের হয়ে বর্ণিল অধ্যায়ের ইতি টানেন মেসি।
মেসির বিদায়ের পর তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন রোনালদো। সেখানে তিনি লেখেন, “লিও, এত বছর তোমার দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন এক ইতিহাস রেখে গেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।”
আন্তর্জাতিক ফুটবলে মেসি ও রোনালদোর ক্যারিয়ারকে প্রায় দুই দশক ধরে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হয়। ক্লাব ফুটবল থেকে ব্যক্তিগত পুরস্কার—বিভিন্ন ক্ষেত্রে দুজনের শ্রেষ্ঠত্বের লড়াই ফুটবলপ্রেমীদের কাছে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয়েছে বেশ রাজকীয়ভাবেই। আর্জেন্টিনাকে চারটি বিশ্বকাপের মধ্যে তিনবার ফাইনালে তোলার পাশাপাশি তিনি দলের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন। সর্বশেষ বিশ্বকাপে তিনি সিলভার বলও অর্জন করেন।
অন্যদিকে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পর্তুগাল দলের নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা তৈরি হয়েছে। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের এক দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায়ও আলোচনায় আসেন পর্তুগিজ অধিনায়ক।
তবে নানা বিতর্কের মধ্যেও মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদোর এই শ্রদ্ধার বার্তা ফুটবলবিশ্বে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
সূত্র: দ্য স্পোর্টিং নিউজ
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর