কুমিল্লায় ফসলি জমি থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়াস্থ মানুমুড়া জঙ্গল সংলগ্ন ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ।
স্থানীয়রা জানান- বৃহস্পতিবার সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার পাকা সড়কের জগতপুর উত্তর পাড়ার মানুমুড়া সংলগ্ন এলাকায় ফসলি জমিতে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন সড়ক থেকে পঞ্চাশ গজ দূরে ফসলি জমিতে গিয়ে তারা আইলের পাশে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। লালমাই থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহটি একজন অজ্ঞাতপরিচয় তরুণীর। তার আনুমানিক বয়স ১৫ বছর। গলায় গামছা পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তে সিআইডির টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর