গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা থেকেই জনগণ বিএনপিকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
শনিবার (১০ অক্টোবর) দৈনিক বাংলা মোড়ে ১৯৯০ সালের গণ-আন্দোলনে শহীদ জিহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করে। শত শত গুম-খুনের ঘটনার পর ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়েছে। তিনি বলেন, ‘এভাবে আর রক্ত দেওয়া যাবে না।’
১৯৯০ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার আহ্বানে সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে মিছিল লক্ষ্য করে এরশাদ সরকারের প্রশাসন গুলি চালায় বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সেদিন দৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জিহাদ। স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে শহীদ জিহাদ ছিলেন একজন পথপ্রদর্শক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর