ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯০০টির বেশি হামলা চালিয়ে এক হাজার ১৫০ জনেরও বেশি হুতি যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে ১৮০টির বেশি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র স্টাফ কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এ দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় দেশটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে এসব হামলা চালানো হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল অস্ত্র ও গোলাবারুদের গুদাম, সুরক্ষিত সামরিক স্থাপনা, সেনা ক্যাম্প ও অবস্থান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উঁচু এলাকা, যোদ্ধাদের শক্তিবৃদ্ধির বহর, সমাবেশস্থল, কামানের অবস্থান এবং পরিবহন ও সরবরাহের যানবাহন।
এ ছাড়া হুতিদের নিয়ন্ত্রিত এলাকার গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
রণাঙ্গনের প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে আল-নুজাইলি বলেন, এসব অভিযানে এক হাজার ১৫০ জনের বেশি হুতি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, অভিযানে ১৮০টির বেশি যুদ্ধযান, পরিবহন ও সরবরাহের যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে অথবা ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে।
তবে এসব হামলা, হতাহতের সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে ইয়েমেনের সেনাবাহিনীর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর