চুয়াডাঙ্গায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ভিমরুল্লাহতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মো. মুছাব্বেরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ প্রশিক্ষণার্থীদের মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি বিদেশে গিয়ে দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নে অবদান রাখারও সুযোগ সৃষ্টি হবে।
তিনি প্রশিক্ষণার্থীদের মাদক, অন্যায়, মারামারি, হানাহানি ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন। সবার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে তিনি বক্তব্য শেষ করেন। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর