নড়াইলে ৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ এক প্রাইভেট কারের চালককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম মো. ইমরান হোসেন (২৯)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে যশোর-নড়াইল-লোহাগড়া-কালনা মহাসড়কের মালিবাগ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল নড়াইল সদর থানা পুলিশ। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়া একটি প্রাইভেট কারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনের ডিকিতে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইমরান হোসেনকে আটক করা হয়।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, মালিবাগ এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৫০ বোতল এস্কাফ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইমরান নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর