• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত

আদালতের রায় শুনে কান্না, মোনাজাতে ঘরে ফেরার প্রার্থনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বড় পর্দায় ভেসে উঠছে নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দৃশ্য। পর্দার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন একদল মানুষ। কারও চোখে পানি, কেউ দুই হাত তুলে মোনাজাত করছেন। কেউ আবার নীরবে চোখ মুছছেন। আদালতের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন তারা। অপেক্ষা একটি রায়ের, যে রায়ের সঙ্গে জড়িয়ে আছে তাদের স্বজন হারানোর বেদনা, ফেলে আসা ভিটেমাটিতে ফেরার আকাঙ্ক্ষা আর দীর্ঘদিনের বিচার পাওয়ার প্রত্যাশা।

অবশেষে এলো সেই প্রতীক্ষিত রায়। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত। রায়কে নিজেদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে বসবাসরত রোহিঙ্গারা। তাদের প্রত্যাশা, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাদের ওপর চালানো নির্যাতনের স্বীকৃতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে খুলবে নিজ দেশে ফিরে যাওয়ার পথ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের এই রায় সরাসরি বড় পর্দায় দেখার আয়োজন করা হয় উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে। সেখানে নারী, পুরুষ ও শিশুরা একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখেন। কোথাও রায় দেখার পাশাপাশি চলে মোনাজাত, কোথাও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন রোহিঙ্গারা। রায় ঘোষণার পর তাদের কণ্ঠে ছিল একটাই প্রত্যাশা- এবার যেন দেশে ফেরার সুযোগ তৈরি হয়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। তাদের অনেকেই স্বজন হারিয়েছেন, হারিয়েছেন বাড়িঘর ও জীবিকার অবলম্বন। সেই থেকে প্রায় নয় বছর ধরে কক্সবাজারের আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটছে তাদের। তাই আইসিজের এই রায় তাদের কাছে নিছক একটি আন্তর্জাতিক আইনি সিদ্ধান্ত নয়; এটি দীর্ঘদিনের ক্ষত, বঞ্চনা ও বিচারহীনতার বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন সহিংসতা ও অন্যান্য নৃশংসতার অভিযোগ মামলার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।

রায় পাঠের সময় আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক সহিংসতা, যৌন নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় তাদের ওপর হামলার বিষয়ও তুলে ধরেন।

আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সময় মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা যায়।

উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ বিভিন্ন আশ্রয়শিবিরে রায় দেখার আয়োজন করেছিলেন রোহিঙ্গা নেতারা। তাদের মতে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আদালতে চলা এই মামলার রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে নতুন ভিত্তি দিয়েছে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি আমরা। অবশেষে ন্যায়বিচার পেলাম। এখন আমাদের সসম্মানে ঘরে ফেরার পালা। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং ব্যাপক যৌন সহিংসতার বিষয়টি উঠে এসেছে। আমরা চাই, শুধু রায় ঘোষণা নয়, এই রায় বাস্তবায়ন করা হোক।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে আমাদের ঘরে ফেরা নিশ্চিত করতে হবে। এই রায়ের মধ্য দিয়ে দেশে ফেরার পথ সুগম হয়েছে। এখন আর মিয়ানমারের কোনো টালবাহানা শুনতে চাই না। আমরা নিজেদের দেশে ফিরতে চাই।’

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, প্রকৃত ন্যায়বিচার শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ থাকতে পারে না। এর সঙ্গে রোহিঙ্গাদের পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে বসবাসের নিশ্চয়তাও জড়িত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‘আইসিজের এই রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করেছে। এখন যেহেতু রায় তাদের পক্ষে গেছে, সেহেতু প্রত্যাবাসনের উদ্যোগ নিতে হবে। ধীরে ধীরে সব রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে।’

রোহিঙ্গাদের কাছে এই রায় নতুন আশার জন্ম দিলেও বাস্তবে তাদের প্রত্যাবাসন কতটা দ্রুত সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, নিজ দেশে ফিরে যাওয়ার জন্য শুধু আন্তর্জাতিক আদালতের রায় যথেষ্ট নয়। প্রয়োজন মিয়ানমারে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা।

বাংলাদেশে সফর শেষে বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেন, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। রায় বাস্তবায়নে জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব রয়েছে।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হলো।’

তবে এই রায়ের মাধ্যমে সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত হবে না কিংবা প্রত্যাবাসনের কোনো দিনক্ষণও নির্ধারিত হবে না বলে উল্লেখ করেন তিনি।

মিজানুর রহমান বলেন, ‘রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না। এই রায় প্রত্যাবাসন নিশ্চিত করবে, এমনটি বলা যায় না। তবে প্রত্যাবাসনের পথ সুগম হলো।’

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দায়ী ঘোষণা, রোহিঙ্গাদের লক্ষ্য করে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ এবং গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আবেদন জানায় দেশটি।

অন্যদিকে মিয়ানমার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়। ফলে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে দীর্ঘ লড়াই, তাতে নতুন অধ্যায় যুক্ত হলো।

জাতিসংঘের তথ্যমতে, কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। সব মিলিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, আশ্রয়শিবিরে মানবিক সহায়তা কমে যাওয়া, নিরাপত্তাহীনতা এবং জীবিকার সংকট তাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।

এ অবস্থায় আইসিজের রায় রোহিঙ্গাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে তাদের স্বপ্নের প্রত্যাবাসন নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরির ওপর।

বড় পর্দার সামনে বসে যারা চোখের পানিতে আদালতের রায় দেখেছেন, তাদের কাছে এখন আরেকটি অপেক্ষা শুরু হয়েছে। যে অপেক্ষার নাম ঘরে ফেরা। একদিন হয়তো শরণার্থী পরিচয় পেছনে ফেলে ফিরে যাবেন নিজের গ্রামে, নিজের বাড়িতে। যেখানে থাকবে না নির্যাতনের ভয়, থাকবে না পরিচয়হীনতার যন্ত্রণা।

আদালতের রায়ে ন্যায়বিচারের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবে রূপ নেবে কি না, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন লাখো রোহিঙ্গা। তাদের প্রার্থনা, এবার যেন শুধু রায়েই সীমাবদ্ধ না থাকে ন্যায়বিচার, খুলে যায় নিজ দেশে ফেরার দরজাও।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]