সুন্দরবনে কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত রোববার (১১ অক্টোবর) খুলনার দাকোপ থানার শিপসা নদীর আরবানিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউট পোস্ট নলিয়ান এ অভিযান চালায়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)।
উদ্ধার হাওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনকে বনদস্যু মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর