দেশব্যাপি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়ব।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা এ বিক্ষোভ মশাল মিছিল করেছেন। ছাত্রদল রাজপথের সংগঠন, রাজপথের আন্দোলনেই বিশ্বাসী। ফ্যাসিবাদের সন্ত্রাসী ও দোসরদের কোনো ধরনের নাশকতা কিংবা অপতৎপরতা বরদাশত করা হবে না। নাশকতার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এ সময় বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর