• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১১:১১ রাত

মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে যাওয়ার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়া বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে আটকে রেখে মারধর করেন এবং নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পর আরও দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তিনি ঢাকার বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর রাতেই তিনি ঢাকায় ফেরেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি তিনি।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজস্ব গাড়িতে ঢাকার বাসা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছে।

কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি তাঁদের গাড়ি ঘিরে ধরে। মনিরুলের ভাষ্য, ওই ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। তাঁকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।

তিনি আরও জানান, বিএনপি নেতা মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাঁকে আরও মারধর করেন। একপর্যায়ে ওই দুজনকে ছেড়ে দেওয়া হলেও মনিরুলের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো নিয়ে যায় তারা।

এরপর তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করে অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে এভাবে ঘোরানো হয়। একপর্যায়ে মুক্তির বিনিময়ে আরও টাকা দাবি করা হলে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দেন তিনি। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মনিরুলের দাবি, নগদ টাকা ও বিকাশে পাঠানো অর্থ মিলিয়ে মোট ২ লাখ ১৭ হাজার টাকা নেওয়ার পাশাপাশি তাঁর কাছ থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর ভাড়ায় মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে কয়েক দফায় যাতায়াত করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি।

তিনি বলেন, প্রথমে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাঁকে আটকে রেখেছিল। তাঁদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। ঢাকায় ফিরে চিকিৎসা নিলেও শরীরজুড়ে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ জানাননি।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে তাঁর ফিরে আসার খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]