পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) বিকেলে লাগা আগুন মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ২ মিনিটে মনজুর খান প্লাজায় আগুন লাগার খবর পায় সংস্থাটি। এর দুই মিনিট পরই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শুরুতে পাঁচটি ইউনিট কাজ করলেও আগুনের বিস্তার বাড়তে থাকায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত রাখা হয়। অধিকাংশ গোডাউনেই বিপুল পরিমাণ মালামাল ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে দোকান ও গোডাউনের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন।
গোডাউনগুলোর অধিকাংশ তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। এ ছাড়া গোডাউনগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুত থাকায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর