এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে এসব শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, এসএসসিতে সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে তারা সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যাবে, তা নির্ধারণ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেলের এই লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাব না।’ ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরুজ্জীবিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা পাস করেছে, তারা তো করেছেই; এখন ঝরে পড়া ও ফেল করা শিক্ষার্থীদের কীভাবে মূল ধারায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে ভাবতে হবে।
বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে তরুণ প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তাঁর মতে, শিক্ষার্থীদের দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশে নৈতিকতার অবক্ষয়ের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, এই অবক্ষয় রোধে নতুন প্রজন্ম থেকেই উদ্যোগ নিতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মোং কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর