ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক গণআন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর মতে, ভারতে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলনের পেছনে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। ভিডিও বার্তাটি ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নেহা বোরা বলেন, ভারতে বর্তমানে যে জেন-জি আন্দোলন ছড়িয়ে পড়েছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
নেহা বোরা আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে তরুণদের লড়াই এবং ভারতে তরুণদের চলমান আন্দোলনের মধ্যে মিল রয়েছে। তাঁর মতে, দুই দেশের তরুণদের সংগ্রামের অভিজ্ঞতা একে অপরের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুক্তচিন্তার চর্চা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও উদ্বেগ প্রকাশ করেন এই ছাত্রনেত্রী। তিনি বলেন, ভারতের শিক্ষাব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতার সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির কিছু মিল রয়েছে।
এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার তরুণদের পারস্পরিক সংহতি জোরদার করার আহ্বান জানান নেহা বোরা। তাঁর মতে, এ অঞ্চলের তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
আন্দোলনে আলোচনায় নেহা বোরা
ভারতে মোদিবিরোধী জেন-জি আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন নেহা বোরা। আন্দোলনের সময় পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে তাঁর সাহসিকতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক পরিচিতি পান।
বর্তমানে ভারতে নিরপেক্ষ নির্বাচন, শিক্ষার স্বাধীনতা ও মুক্তচিন্তার অধিকার রক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সামনের সারিতে রয়েছেন এই ছাত্রনেত্রী।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর