শেখ হাসিনার বেয়াই বিদ্যুতের টাকা নিয়ে পালিয়েছেন। আপনারা লুটপাটের কথা শুনেছেন, দেখেননি। এ ভাবে দেশটাকে লুটপাট করতে পারে তা চিন্তা করা যায় না। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
সাবেক সরকারের দুর্নীতির সমালোচনা করে তিনি পায়রা বন্দর ড্রেজিং প্রকল্পের ৬ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তোলেন। এ সংক্রান্ত কাগজপত্র প্রধানমন্ত্রীকে দিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আজিজ খান। সামিট গ্রুপের চেয়ারম্যান। শেখ হাসিনার বেহাই। বিদ্যুৎ প্লান্টের টাকা নিয়ে পালিয়েছে। প্লান্ট আছে, বিদ্যুৎ নেই। কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এ ভাবে দেশটাকে ধংস করেছে শেখ হাসিনা।
জুলাই সনদ ও সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবিধানের একটি দাঁড়ি-কমা পরিবর্তন করতে হলেও সংবিধান সংশোধনের প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটি রয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ভারতের সংবিধান হয়েছে ১০৫০ সালে। এরপর ১০৬ বার সংবিধান সংশোধনের উদাহরণও তুলে ধরেন নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, ‘আমাদের দেশটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ১৮ কোটি মানুষের এই দেশ আমাদেরই রক্ষা করতে হবে। আমরা গণতান্ত্রিক ভাবে দেশ চালাচ্ছি। পাঁচ বছর দেশ চালানোর পর আপনারা প্রশ্ন করবেন, আমরা কীভাবে দেশ পরিচালনা করেছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, প্রথম কেবিনেট মিটিং এ প্রধান মন্ত্রী কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুব করে দিয়েছেন। প্রধান মন্ত্রী ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের মতো উদ্যোগ নিয়েছেন। দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধান মন্ত্রী।
প্রধানমন্ত্রীর সাধারণ জীবন যাপনের প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম মনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একসঙ্গে খাবার খেয়েছেন। খাবারের মেন্যুতে ছিল ঢেঁড়স ভাজি ও কুমড়ার ভর্তা। তিনি দাবি করেন, বর্তমান সরকার সরকারি অর্থের অপচয় রোধ এবং চাঁদাবাজি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের প্রধান মন্ত্রী বলেছেন, এ দেশে চাঁদাবাজদের স্থান হবে না।
বিদ্যুৎ নিয়ে আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ না পেলে সরকারকে পদত্যাগ করতে হবে। এ ধরনের স্লোগান দিয়ে সমস্যার সমাধান হবে না। সরকার দেশের মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে নুরুল ইসলাম মনি বলেন, ‘আমাদের পাঁচ বছর ক্ষমতায় থাকতে দিন। আমরা দেশটাকে নতুন ভাবে সাজাব।
তিনি হেলিকপ্টার যোগে বরগুনা পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও পুলিশ সুপার কুদরত ই খুদা।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন হাসান শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফজলুল হক মাস্টার, পাবলিক প্রসিকিউটর (পিপি)আলহাজ্ব মো: নুরুল আমীনসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর