ভারতের বিহারে চলন্ত ট্রেনের জানালা দিয়ে যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক সন্দেহভাজন চোর। ট্রেনের জানালা দিয়ে ফোন নেওয়ার সময় যাত্রীরা তাঁর হাত শক্ত করে ধরে রাখায় চলন্ত ট্রেনের বাইরে ঝুলে থাকতে হয় তাঁকে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় কামরার ভেতরে থাকা যাত্রীরা দ্রুত তাঁর হাত ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করলেও তাঁকে ছাড়েননি তাঁরা। ফলে চলন্ত ট্রেনের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকতে বাধ্য হন ওই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এ সময় স্টেশনে থাকা লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি প্ল্যাটফর্মে পড়ে যান। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সন্দেহভাজন চোরের এমন পরিণতিকে তাঁর কাজের শাস্তি হিসেবে দেখছেন। আবার কেউ চলন্ত ট্রেনের বাইরে তাঁকে ঝুলিয়ে রাখার ঘটনাকে অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন।
সূত্র: এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর