• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৮:৩৫ সকাল

ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা

ছবি: সংগৃহীত

ডেঙ্গুর বিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে। জমে থাকা পানি ও আবর্জনা সরিয়ে মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

তিনি বলেন, ঘরের আনাচকানাচ, রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। এসব স্থান পরিষ্কার রাখতে পারলে ডেঙ্গু প্রতিরোধে আরও সফল হওয়া সম্ভব।

তারেক রহমান বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

দেশের বিভিন্ন অর্জনে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফলতা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ সম্মিলিত প্রচেষ্টার উদাহরণ। সবাই মিলে এসব অর্জন সম্ভব হলে দেশের অন্যান্য সমস্যার সমাধানেও একসঙ্গে কাজ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ। এসব সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধে টিকার ওপর নির্ভর করার পরিবর্তে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তার ভাষ্য, বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলেই সরকার সফল হতে পারে। সরকার জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধান করতে চায়।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ রোগে আক্রান্ত মানুষের প্রাণহানি কমানো সম্ভব। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে বহু মানুষের জীবন রক্ষা করা যাবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]