গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা চালিয়েছে তাঁদের সহযোগীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হামলায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, রামদা, হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা যায়। ভিডিওতে ফাঁড়ি ভাঙচুরের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্যও দেখা গেছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালিয়ে মাদকসহ এক নারী ও এক পুরুষকে আটক করেন। এরপর তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জয়নাল আবেদীন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর