আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী ও ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী ১৬০টি পূজামণ্ডপে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবির মোট ৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজিবি রংপুর সেক্টরের অধীনস্থ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত রেখা থেকে ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদর থেকে ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত এসব পূজামণ্ডপে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখবে বিজিবি। বিজিবি জানায়, শূন্য লাইন থেকে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ১৭টি বিওপির মাধ্যমে ১৫৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ৭টিসহ সর্বমোট ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। এর আওতায় লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার পূজামণ্ডপগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত হাসান (পিএসসি) সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে লালমনিরহাট সদরের কালীবাড়ী দুর্গামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু ও মুসলিম দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও আন্তরিকতার মধ্য দিয়ে পাশাপাশি বসবাস করে আসছে। পাশাপাশি একটি মসজিদ এবং একটি মন্দির থাকা সত্ত্বেও এখানে কখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বদা মাঠে তৎপর থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আসা দর্শনার্থী ও পুণ্যার্থীদের নিরাপদ চলাচল, সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর