শুধু জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে তরুণদের সৃজনশীলতা, ইতিবাচক চিন্তা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্বকে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও নেতৃত্বের বিকাশের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, মানবিক ও বিশ্বমানের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য কেবল পরীক্ষায় ভালো ফলের প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; তরুণদের সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের নেতৃত্ব দিতে হবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে, নাগরিকদের মধ্যে মানবিক গুণাবলির বিকাশ ঘটবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত থাকবে। তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতাকে ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক উপায়ে কাজে লাগানো গেলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব হবে।
বাংলাদেশকে বিশ্বমানের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, দেশকে পিছিয়ে পড়া অবস্থা থেকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল নেতৃত্ব ও ইতিবাচক চিন্তার বিকল্প নেই।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর