৩২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার তেলের দাম বাড়ায়নি, তবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করছে- এমনটাই দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরগুনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা ও স্থানীয় রাজনীতির বিষয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, বরগুনায় জামায়াত নেতার ওপর হামলায় যদি বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে পুরো বরগুনা জেলাকে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অবস্থানের কথা উল্লেখ করে চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই।
'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'- এই নীতিতে দেশ চলছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার রেকর্ড নেই। এছাড়া ইলিশ সম্পদ রক্ষায় ট্রলিং জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের জোর দাবি জানান তিনি।
ঐতিহাসিক প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, অতীতে মাত্র তিন বছরে দেশকে দুর্ভিক্ষের হাত থেকে তুলে এনেছিলেন জিয়াউর রহমান। নিয়মতান্ত্রিক উপায়ে বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদে দেশ পরিচালনা করবে বলেও জানান জাতীয় সংসদের এই চিফ হুইপ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর