ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ওপর উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা পুণ্যার্থীদের চাপা দেয়। পরে ট্রাকটি মন্দিরের প্রবেশফটক ও বাইরের দেয়ালে ধাক্কা খায়।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, রাত দেড়টার দিকে চিননোর দিক থেকে আসছিল ট্রাকটি। ওই সড়কে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাল বেয়ে নিচে নেমে আসে। এ সময় সড়কে থাকা পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন।
ধর্মবীর সিং ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি জানান, দুর্ঘটনার সময় বিপুলসংখ্যক পুণ্যার্থী শীতলা মাতা মন্দিরে যাচ্ছিলেন। এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সুপারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। অন্য আহতরা তুলনামূলক কম আঘাত পেয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
মন্দিরে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর