ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারির ঘটনায় প্রধান শিক্ষক ও তাঁর সহকারী শিক্ষক স্ত্রীকে উপজেলার দুই প্রান্তের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
বদলির আদেশ অনুযায়ী, সহকারী শিক্ষক আছমা খাতুনকে উপজেলার দক্ষিণাঞ্চলের কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং তাঁর স্বামী প্রধান শিক্ষক আফজালপুর রহমানকে উত্তরাঞ্চলের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার প্রধান শিক্ষককে বদলির আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেন এবং তাঁকে অন্য বিদ্যালয়ে বদলি করেন।
ঘটনার সূত্রপাত গত ৫ অক্টোবর। ওই দিন ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আফজালপুর রহমান ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে সেই বিরোধ বিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে তাঁদের ঝগড়ায় জড়ানোর ঘটনাও ঘটত বলে জানা গেছে।
এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমতে থাকে এবং অনেক অভিভাবক তাঁদের সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, প্রধান শিক্ষক আফজালপুর রহমানকে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাঁকেও কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর