দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার হয়েছিল। বেশ আগে তাঁর অস্ত্রোপচারও সম্পন্ন হয় এবং অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর ফেরানো সম্ভব হয়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তুলনা আল হারুন। পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি সাফল্য অর্জন করেন এবং শোবিজ অঙ্গনে প্রশংসিত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাবের জন্য পরিচিত ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করলেও ক্যামেরার সামনে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
তুলনা আল হারুনের মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর প্রয়াণে দেশের বিনোদন অঙ্গন হারাল একজন প্রতিভাবান মডেল, উপস্থাপিকা ও ফ্যাশন ব্যক্তিত্বকে।
কুশল/সাএ
সর্বশেষ খবর