মাদরাসায় বলাৎকারসহ যৌন নির্যাতন ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাদরাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নির্যাতন ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকার কঠোর পদক্ষেপ নেবে।
ধর্মমন্ত্রী জানান, মাদরাসায় এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ইমামদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উসকানি দিয়ে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে ইমামদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, সমাজে ইমামদের বিশেষ গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে। তাই জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইমামরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
এদিকে কাউন্সিল অধিবেশনে ইমাম সমিতির নেতারা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে বেতন-ভাতা বৃদ্ধি এবং পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর