জামালপুরের দেওয়ানগঞ্জে মক্তবের এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামের এক ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য একটি মক্তব পরিচালিত হতো। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা মুছা মিয়া ওই মক্তব পরিচালনার পাশাপাশি মসজিদে ইমামতি করতেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ওই কিশোরী ছাত্রীকে মসজিদের ভেতরে ধর্ষণ করেন মুছা মিয়া। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর