বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) এটি গতিপথ পরিবর্তন করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি শক্তি সঞ্চয় করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে। অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি বজায় থাকলে এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এর গতিপথ ও শক্তির পরিবর্তন সম্পর্কে পরবর্তী পূর্বাভাসের ওপর নজর রাখা জরুরি।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ, শক্তি ও উপকূলে আঘাত হানার সময় সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর