বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (সলঙ্গা-উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম খান।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা ডাকবাংলো এলাকায় মতবিনিময় সভা ও জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ। সর্বত্রই একটি সাধারণ আওয়াজ শোনা যাচ্ছে যে, তারা ঠিকমতো দেশ চালাতে পারছে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এছাড়া গত ছয়-সাত মাসে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম একাধিকবার বাড়ানো হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে।
তিনি আরও বলেন, অতীতে দুটি ভোট হয়েছিল। একটি প্রতীকের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যটি ছিল হ্যাঁ-না ভোটের গণভোট। গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর সেই গণভোটের রায় বাতিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড. আব্দুস সামাদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম, সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসীন আলমসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর