চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক ডাঃ শাহাদাত হোসেনের এপিএস জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক এনাম আলী জানুকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে৷
গতকাল ২৬ অক্টোবর ভূক্তভোগী তাঁর নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে চসিক সাবেক মেয়র ও সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক শাহাদাত হোসেনের এপিএস জিয়ার বিরুদ্ধে এলাকায় অধিপত্য বিস্তার, মানুষকে জিম্মি করাসহ নানান অভিযোগের বিষয় প্রকাশ করে৷ এসময় তিনি আক্ষেপ করে বলেন, "আমাকে প্রকাশ্য গলাটিপে হত্যাই করতে চেয়েছিল জিয়া।"
ভিডিওতে তিনি বলেন, গত ২৪ অক্টোবর এলাকার একটি অনুষ্ঠানে মেয়র ডাঃ শাহাদাত হোসেন এসেছিলেন৷ সেদিন তাঁর কাছে আমি বলি, "আমি যে কর্ম করে খাবো সেই কর্ম তো করতে পারছিনা৷ কারণ আপনার যে পিএস জিয়াউর রহমান জিয়া ওর যে ক্ষমতা, ওর ক্ষমতার বলয়ের কারণে আমরা ডেইলি কাজ করে যে খাবো, কর্ম করে যে খাবো সেটাও পারছিনা৷"
ভিডিওতে তিনি আরো বলেন, "এই জিয়াউর রহমান জিয়া মাননীয় মেয়র সাহেবের পিএস এর ক্ষমতা দেখিয়ে আমাদের মোহাম্মদ নগর সাধারণ জনগণের ওপরে কিভাবে নির্যাতন নিপিড়ন চালিয়েছেন সেটা এই এলাকায় যারা বসবাস করেন তারা অনুভব করতে পারবে "। এময়য় তিনি কয়েক জনের নাম উল্লেখ করে বলেন, "এই কয়েকজন মানুষ মেয়রের পিএস জিয়া যে প্রভাব দেখাচ্ছে সেগুলো আমাদের কলিজায় লাগে৷ কারণ আগামী নির্বাচনে মেয়রের জন্য ভোট চাইতে জনগনের কাছে আমাদের যেতে হবে৷ কিন্তু সেই জনগণ আমাদের ধিক্কার দিচ্ছে।"
এনাম আলী জানু ভিডিও বার্তায় বলেন, "গতকাল (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদ নগর চত্ত্বরে আমাকে জিয়া তার কাছে ডেকে আমার মতন ৬৩ বছর বয়ষ্ক একজন মানুষকে চড় মেরে গলা চেপে ধরে বাজে গালি দিতে বলল, তুই মেয়র সাহেবকে আমার বিরুদ্ধে কথা বললি কেন ? আমাকে আশপাশে কয়েক জন জিয়ার হাত থেকে ছাড়িয়ে না নিলে দম বন্ধ হয়ে আমি গতকালই মারা যেতাম।"
ভিডিও বার্তায় তিনি বিএনপি'র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে বলেন, " আনি সংগঠনের নেতা, আনার যদি এই পরিণতি হয়। একটা মেয়রের পিএস এর কাছে যদি এভাবে হেস্তনেস্ত হতে হয়, আপনারা সংগঠন কিভাবে চালাবেন৷"
এনাম অভিযোগ করে বলেন, "জিয়া মেয়রের পিএস হয়ে বেপরোয়া হয়ে উঠেছে৷ সে আগে ঋণগ্রস্থ ছিল আর এখন তার কি পরিমান আধিপত্য বিস্তার অর্থ উপার্যনের যে সমস্থ দিক সে গুলো অত্র এলাকার মানুষ জানে৷"
এই বিষয়ে এপিএস জিয়াউর রহমান জিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টাকে নিছক ভুল বুঝাবুঝি উল্লেখ করেন৷ তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তিনি (এনাম আলী) মূলত রং এর কাজ করেন৷ তিনি একটি কাজের কথা বলেছিল আমি সেটি সম্ভব না বলাতে তিনি রাগ থেকে এসব বলছে৷" এলাকায় আধিপত্যের বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রতিবেদককে তাঁর এলাকায় সরেজমিন খোঁজ নেওয়ার অনুরোধ জানান৷ এর বেশী তিনি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন৷
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর