ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারাসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে শহরের ব্যস্ত জিএস রোডে অবস্থিত ‘হোটেল বিলাস ইন’-এ এ হত্যাকাণ্ড ঘটে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত ও হোটেলটির ইজারাদার ঘনাকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়।
নিহত পাঁচজনের মধ্যে চারজন হোটেলটির মালিক পরিবারের সদস্য। অপর ব্যক্তি তাঁদের গ্রামের বাসিন্দা।
গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহান্ত জানান, প্রায় এক বছর আগে হোটেল বিলাস ইন ইজারা নিয়েছিলেন ঘনাকান্ত গগৈ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের ইজারা চুক্তি ও সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের জেরেই তিনি এ হামলা চালান।
গুলিবিদ্ধ ছয়জন, হাসপাতালে একজন
পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ছয়জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নারায়ণ দাস (৪৮) পরে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সত্যেন্দ্র পাঠক (৪২) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর ডান কাঁধে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গুয়াহাটিজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের সমালোচনা
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ হত্যাকাণ্ডের ঘটনায় আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে ঘটনার দায়ভার গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর