আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের কেন্দ্রঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। এ উপলক্ষে প্রশাসনের সঙ্গে মতবিনিময়, রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বৃদ্ধি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।
লংমার্চ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে গত ১২ অক্টোবর ঝিনাইদহের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর এমপি, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু তালিব এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরদিন ১৩ অক্টোবর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা জামায়াতের নেতারা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া জেলা আমীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাইওয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় করে লংমার্চ নির্বিঘ্নে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে।
গত ১৭ অক্টোবর ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াত। পাশাপাশি লংমার্চের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং, লিফলেট বিতরণ, স্বাগত মিছিল ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। সড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন।
এদিকে লংমার্চের অংশ হিসেবে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার থেকে সেখানে মঞ্চ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ৩১ অক্টোবর শনিবার বিকেল চারটায় এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর এমপি বলেন, "লংমার্চ বাস্তবায়নে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি এবং প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছি। জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করছি। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করছি, লংমার্চে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।"
লংমার্চকে কেন্দ্র করে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর