চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হতে পারে। অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।
মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে ফল প্রকাশের নতুন তারিখের বিষয়টি জানা গেছে। সূত্রের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে, গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত দিনে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় ফল প্রকাশের তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সোমবার (২৬ অক্টোবর) এ অনিশ্চয়তা আরও বাড়ে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেওয়া সম্ভব হয়নি। ফলে পূর্বনির্ধারিত সময়ে ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর ফল প্রকাশের বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হচ্ছে না। আগামী ৩১ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। তবে এবার ফল প্রকাশের নির্দিষ্ট সময়, পদ্ধতি এবং শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।
ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর নির্ধারণের কথা জানানো হলেও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত তারিখ, সময় ও ফল জানার পদ্ধতি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চূড়ান্ত ঘোষণার অপেক্ষা করতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর