ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র মনি ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সূচিত্রা। তার অভিযোগ, ওই বিরোধের জেরেই সাদ্দাম তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের সাইদুলের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করে সাদ্দাম। এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর