ফ্যাসিস্টরা এদেশের সমস্ত অর্থ লুটেপুটে বিদেশে পাচার করে দিয়েছে এবং স্বাস্থ্যখাতকে একেবারে ভেংগে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কসবা উপজেলা পরিষদ চত্বরে রহমান ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিষ্টদের আমলে স্বাস্থ্যখাত একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিলো। স্বাস্থ্যখাতের এমন একটা অবস্থা করেছিলো, কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে এখন ভাংগারির কাছে বিক্রি করতে হচ্ছে। লুটেপুটে ধ্বংস করে দিয়ে গেছে স্বাস্থ্যখাত। জেলা ও উপজেলা পর্যায়ের টেন্ডার লুটপাট হয়েছে। আমরা যখন দায়িত্ব নিলাম চতুর্থদিকে শুধু দূর্নীতির ধান্ধার খবর পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। শুধু তাই নয় শহর থেকে দেশের প্রতিটি প্রান্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল অবকাঠামোর উন্নয়ন ও চিকিৎসক সহ জনবল দিয়ে স্বাস্থ্য খাতের আমুল পরিবর্তন করা হবে। আগামী দুই বছরের মধ্যে দেশের জনগণের মাঝে পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতকে এমন আমূল পরিবর্তন করা হবে যাতে দেশের একজন রোগীকেও ভারতের মাটিতে যেতে না হয়। কারন আমাদের দেশের চিকিৎকদের মেধা কোন অংশে কম নয়। তিনি এ সময় সাধারণ জনগণকে সর্তক করে বলেন, ফ্যাসিস্টরা আর কথিত রাজাকাররা একত্র হয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে।
জেলা প্রশাসন আবু সাঈদের সভাতিত্বে ও পৌর বিএনপি সভাপতি মোঃ শরীফুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচীর উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কসবা-আখাউড়া সাংসদ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারী সাইদ হায়দার , ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, ব্রাহ্মণাবাড়িয়া সির্ভিল সার্জন মোঃ মিজানুর রহমান, রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ মুশফিকুর রহমানের কন্যা মেহবিন রহমান মুনিয়া, নাতি তারিক জামিল, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মোঃ ইমরান আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস ও যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, পৌর বিএনপি সাবেক সভাপতি মোঃ আশরাফ আলী, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর