নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে এবার ধরা পড়তে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
শিক্ষামন্ত্রী বলেন, “গাইড বইওয়ালারা (প্রকাশক) একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন।”
অনুষ্ঠানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু সার্টিফিকেট দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এর অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও নানা কারণে তা শেষ করা সম্ভব হয় না। এসব শিক্ষার্থীকে আবার পড়াশোনায় উদ্বুদ্ধ করতে হবে এবং তাঁদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব হলো এই সুযোগ নিশ্চিত করা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বেগম খালেদা জিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ পান। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ধারাবাহিকতায় বাউবিকেও আরও যুগোপযোগী করা হবে।
দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিষয়ে তিনি বলেন, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা টিভিইটের ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই সম্প্রতি ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে এ খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট) শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর