• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬, ০২:৫১ দুপুর

তাহসিফ সাউরির মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য জানার পর এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এটা পত্রিকায় পড়েছি। এখনো পর্যন্ত পোস্টমর্টেম করছে। আর একটা প্রাথমিক তদন্ত হবে। তারপরে কথা বলা যাবে। এই মুহূর্তে কথা বলতে চাই না। আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা জোরদার, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে বাহিনীকে সুসজ্জিত করার কাজ চলছে।

তিনি বলেন, পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগের প্রয়োজন রয়েছে। এ জন্য সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

পুলিশের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ সফলভাবে কাজ করছে। তবে দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।

পুলিশের অপরাধে বিভাগীয় ব্যবস্থা

পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীতে শাস্তি ও পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কেউ ভালো কাজ করলে তাঁকে পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে, কোনো সদস্য অপরাধে জড়ালে, বেআইনি কর্মকাণ্ডে যুক্ত হলে কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের কথাও জানান তিনি। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কাজ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে যা বললেন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অফিসের সূত্রে প্রায় ৩০ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার দেশে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সরকার সেই পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়।

পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com