ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজনৈতিক সহযোগিতায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট। দেশটির সাম্প্রতিক নির্বাচনে জোটটি ১২টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ইহুদিদের নেতৃত্বাধীন অধিকাংশ বিরোধী দল সরকার গঠনে জয়েন্ট লিস্টের সঙ্গে জোট করার বিষয়টি নাকচ করেছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। বর্তমান সরকারের নীতির প্রকৃত পরিবর্তন আনতে এবং বিকল্প সরকার প্রতিষ্ঠা করতে রাজনৈতিক সহযোগিতায়ও তারা প্রস্তুত।
বিবৃতিতে দলটি আরও জানায়, তাদের সমর্থকেরা এই মুহূর্তের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং বিপুলসংখ্যায় ভোট দিতে গেছেন। বর্তমান সরকারের বর্ণবাদী নীতির পরিবর্তন ঘটাতে পারে—এমন একটি বিকল্প সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন এর আগে চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহুর সরকারের বিকল্প হিসেবে অর্থবহ ও প্রকৃত পরিবর্তন আনতে চায়, এমন যে কাউকে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁর ভাষায়, ইসরায়েলের জনগণ যে পরিবর্তন প্রত্যাশা করছে, তার পথ তৈরি করতে বিরোধীদের জয়েন্ট লিস্টের সঙ্গে কথা বলা প্রয়োজন।
নির্বাচনের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, জয়েন্ট লিস্ট নেসেটে ১২টি আসন পেতে পারে। এতে দলটি সংসদে তৃতীয় বৃহত্তম দলগুলোর একটি হিসেবে অবস্থান নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সরকার গঠনের ক্ষেত্রে তাদের রাজনৈতিক সহযোগিতার প্রস্তাব কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে অন্যান্য বিরোধী দলের অবস্থানের ওপর।
জয়েন্ট লিস্টের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন নেতানিয়াহুর বিরোধীরা বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে দলটির সঙ্গে জোট গঠনে প্রধান বিরোধী দলগুলোর অনীহার কারণে সরকার গঠনের রাজনৈতিক সমীকরণ এখনো অনিশ্চিত।
সাজু/নিএ
সর্বশেষ খবর