সরকার গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা ও অবমাননা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নেমেছি। জনগণকে সঙ্গে নিয়েই গণভোটের রায় বাস্তবায়ন করব।”
শনিবার (৩১ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের নাওডোবায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, কার্ডের মাধ্যমে ধোঁকাবাজি বন্ধ না করলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। কার্ড বাদ দিয়ে জনগণের অধিকার আদায়ে সহযোগিতা করুন।
তিনি এক দফা দাবি আদায়ে ১১ দলের ডাকে সাড়া দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে লাখো মানুষ আপনাদের লাল কার্ড দেখিয়েছে। সাত দফা দাবি মেনে না নিলে এবং সংবিধান সংস্কার না করলে এ দেশের জনগণ লংমার্চের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে আপনাদের ক্ষমতা থেকে সরানোর ব্যবস্থা করবে।
বাংলাদেশ খেলাফাত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন বলেন, বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসে তাদের চেহারা পাল্টে ফেলেছে। একই দিনে দুটি ভোট হয়েছে, যার একটি বৈধ, অন্যটি অবৈধ। হাসিনার মতো প্রতারণা করলে দেশের জনগণ আপনাদের ক্ষমতায় রাখবে না। এখনো সময় আছে, ১১ দলের সাত দফা দাবি মেনে নিয়ে দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।
পথসভায় সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মো: আব্দুর রব হাসেমী বলেন, শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় নেই, পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা থাকলেও রেললাইন নেই এবং মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগও নেয়া হয়নি।
এসব অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এ সময় পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর