• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ বিকাল

দল-মত নির্বিশেষে মগড়া নদী রক্ষায় এগিয়ে আসুন: অধ্যাপক ডা. আনোয়ারুল হক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘নদী আমাদের জীবন। নদী পারে আমাদের প্রকৃতি ও পরিবেশকে বাঁচিয়ে রাখতে। নদী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আসুন, দল-মত নির্বিশেষে মগড়া নদী রক্ষায় এগিয়ে আসি এবং নেত্রকোনা শহরকে একটি আধুনিক শহরে রূপান্তরে সম্মিলিতভাবে কাজ করি।’

নেত্রকোনার মগড়া নদী পুনঃখনন ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

সভায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার দেশের নদী ও খালগুলোকে পুনর্জীবিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মগড়া নদী পুনঃখনন ও পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে। নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় মগড়া নদী পুনঃখনন ও পুনর্বাসন প্রকল্পের কাজ বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব, পারস্পরিক সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, পুনঃখনন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ডের উপস্থাপিত তথ্য অনুযায়ী, নেত্রকোনা জেলায় মগড়া নদীর বিস্তৃতি প্রায় ১১৬ কিলোমিটার। এর মধ্যে নেত্রকোনা শহরসংলগ্ন সাকুয়া বাজার থেকে আটপাড়া সেতুর বাজার পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটার নদী পুনঃখনন ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় রয়েছে। প্রকল্পের মাধ্যমে নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের নাব্যসংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মগড়া নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন এবং নদী রক্ষায় তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

উল্লেখ্য, মগড়া নদী নেত্রকোনা অঞ্চলের পানি নিষ্কাশন, কৃষি, মৎস্যসম্পদ, নৌযোগাযোগ ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটির নাব্যতা হ্রাস ও স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে শহরের পানি নিষ্কাশনব্যবস্থা, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শুধু পুনঃখনন করলেই নদী রক্ষা সম্ভব নয়; নদীর সীমানা সংরক্ষণ, অবৈধ দখল ও দূষণ বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মগড়া নদীকে তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনা গেলে নেত্রকোনা শহরের পরিবেশ, জনজীবন ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]