জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এর আগে গত ৫ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
ঐতিহাসিকভাবে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থানের পর গৃহবন্দী হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান।
এরপর ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় দিবসের তালিকায় দিনটি অন্তর্ভুক্ত ছিল না। একইভাবে বিগত অন্তর্বর্তী সরকারের সময়েও দিবসটি জাতীয় দিবসের তালিকায় রাখা হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর