পটিয়া প্রেস ক্লাবের গঠনতান্ত্রিক বিধি অনুসরণ করে প্রকৃত স্থায়ী সদস্য ও ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংগঠনের নেতাদের দাবি, প্রেস ক্লাবের সদস্য না হয়েও কয়েকজন ব্যক্তি নিজেদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত ও মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের নেতারা।
রোববার (১ নভেম্বর) রাতে পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এসব নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, একটি পেশাদার সাংবাদিক সংগঠনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচার শুধু সংগঠনের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ও শিষ্টাচারকেও প্রশ্নের মুখে ফেলে।
প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর (ভোরের কাগজ), সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী (দৈনিক জনতা), যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক কামরুল ইসলাম (আজকালের খবর), ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক পিবলু (সিপ্লাস টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাউছার আলম (কালের কণ্ঠ ও পূর্বদেশ) এবং আপ্যায়ন সম্পাদক শাহজাহান চৌধুরী (মানবজমিন)।
এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য এস এম জুয়েল (আমার বার্তা), আবদুল্লাহ আল নোমান (প্রতিদিনের কাগজ), রাফিউল আকরাম আলভী (খবরের কাগজ), মো. ওয়াহিদুল ইসলাম (মানবকণ্ঠ), মো. শাকিল (সকালের শিরোনাম), তামিম চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৭ সাল থেকে পটিয়া প্রেস ক্লাব ধারাবাহিকভাবে নিজস্ব গঠনতন্ত্র ও বিধিবিধান অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের সদস্যপদ পেতে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে।নিয়মতান্ত্রিকভাবে আবেদন করতে হয়। পরবর্তী সময়ে কমিটির অনুমোদন সাপেক্ষে সদস্যপদ প্রদান করা হয়। একইভাবে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়। প্রেস ক্লাব নেতৃবৃন্দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের সদস্য নন এমন কিছু ব্যক্তি নিজেদের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত দাবি করে প্রচার চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনটির সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পারস্পরিক সম্মান, পেশাগত শিষ্টাচার ও সাংগঠনিক নিয়মনীতি মেনে চলা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, ভিত্তিহীন বক্তব্য কিংবা বিভ্রান্তিকর পরিচয় প্রচারের মাধ্যমে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়।
জরুরী সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পটিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও সাংবাদিক সমাজের সম্মিলিত মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর