সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে তাইজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এরই জেরে বিক্ষুব্ধ লোকজন তাঁর বাড়িঘরে ভাঙচুর চালান। তবে এ ঘটনায় বাড়িটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী বলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর